
জগন্নাথের টানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জানা যাচ্ছে, জি-সেভেন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ওয়াশিংটন যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওড়িশায় জনসভায় প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, জগন্নাথভূমে আসার জন্য এবং শ্রী জগন্নাথদেবের দর্শন করতে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ খারিজ করেছেন তিনি।ওড়িশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করে তাঁকে বলেন, কানাডায় যখন এসেছেন তখন আমেরিকাও ঘুরে যান। একসঙ্গে খাওয়া-দাওয়া করবেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদি জানিয়ে দেন,আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। কিন্তু দেশে ফিরেই তাঁকে মহাপ্রভুর দেশে যেতে হবে। মহাপ্রভুর প্রতি ভক্তি ও ভালবাসা তাঁকে ওড়িশায় এনেছে।শুধু তাই নয়, ভুবনেশ্বরের ওই সমাবেশে প্রধানমন্ত্রী মোদি বলেছেন তাঁর সরকার ক্ষমতায় আসার পরই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরের রত্ন ভাণ্ডার পুনরায় খুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে জানিয়েছেন,স্বাধীনতার পরের কয়েক দশক দেশের মানুষ কংগ্রেস মডেল দেখেছিল। তবে তা মোটেই সুশাসন ছিল না।
যেখানে উন্নয়ন মূলক প্রকল্প ছিল না, আর থাকলেও তা ছিল বিলম্বিত ও দুর্নীতিতে পূর্ণ। তবে গত এক দশকে দেশের একাধিক জায়গায় প্রথমবার বিজেপির সরকার এসেছে।এর পর সেখানে শুধু সরকারই পরিবর্তন হয়নি বরং সামাজিক ও অর্থনৈতিকভাবে ভাবে নতুন যুগের সূচনা হয়েছে।
