
পাকিস্তান সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবে। সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যে বর্তমান সংঘাত নিরসনে ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
এমন ঘোষণার পর এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁকে অন্ততঃ ৪-৫ বার নোবেল দেওয়া উচিত। এর মধ্যেই জানা যাচ্ছে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে,ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যেই অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন ট্রাম্প।তবে এমন ঘোষণার আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বহুবার নোবেলের দাবি করেছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে নোবেল কমিটির উদ্দেশে বলেছেন, রুয়ান্ডার জন্য তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।
খবরে বলা হচ্ছে, এই পদক্ষেপটি আমেরিকার সঙ্গে পাকিস্তানের উন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের আরেকটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্স বার্তায় বলা হয়েছে, এই অঞ্চলের অস্থির পরিস্থিতির মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখযোগ্য কৌশলগত দূরদৃষ্টি ও অসাধারণ রাষ্ট্রনায়কসূলভ নেতৃত্ব দেখিয়েছেন, তিনি ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে দৃঢ় কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি প্রশমিত করেছেন।






