
বীরভূম থেকে পুণ্যস্নান সেরে ফেরার পথে মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে অন্তত ৫ পুণ্যার্থীর। রবিবারের এই ঘটনায় তুমুল হইচই পড়ে গিয়েছে এলাকায়।
জানা গিয়েছে, রবিবার সকালে ট্রেকারে করে কুড়ি জন পুণ্যার্থী অজয় নদে বেলে স্নান করে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। জানা যাচ্ছে, পুণ্যার্থী ভর্তি ওই ট্রেকারটি মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপরে গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে দাঁড়িয়ে ছিল। আচমকা একটি দ্রুতগতির ডাম্পার সজোরে ধাক্কা মারে এই যাত্রীবাহী ট্রেকারটিতে। ঘটনার জেরে গাড়ির চালকসহ মৃত্যু হয় মোট পাঁচজনের। এখনও পর্যন্ত একজন পুরুষ ও চারজন মহিলার মৃত্যু হয়েছে।
আহতদের উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মৃত আহতদের সকলের বাড়ি হরিহরপাড়া রুকুনপুর বলে জানা গিয়েছে।








