
সংঘর্ষবিরতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করার পরেই ইজরায়েলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। এমনটাই জানিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ।
দক্ষিণ ইজরায়েলের বিরশেবা শহরে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। ইরানের ক্ষেপণাস্ত্র হানার পরেই সাধারণ মানুষকে সাবধান করতে মধ্য এবং দক্ষিণ ইজরায়েলের শহরগুলিতেই এয়ার সাইরেন বাজছে।
এদিকে, ইজরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ইজরায়েলের রাজধানী জেরুসালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইরান। তবে সেই হামলা প্রতিহত করা গিয়েছে বলে দাবি তেল আভিভের। এক ঘণ্টায় তিন বার ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান। আরও হামলার আশঙ্কা করছে তেল আভিভ। এই পরিস্থিতিতে বাসিন্দাদের বাঙ্কারে ঢোকার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।








