
প্রথমবারের মতো মহাবিশ্বের ছবি তুলেছে একেবারে নতুন এক টেলিস্কোপ। এর তোলা ছবি দেখে বোঝা যাচ্ছে, মহাবিশ্বের অনেক গভীর ও অন্ধকার অংশ খুব স্পষ্টভাবে দেখতে পারে এটি, যার দেখা আগে কখনও মেলেনি। আর প্রথম ব্যাচের ছবির সঙ্গেই জুড়ে বসেছে অপার্থিব বিশেষণটি।নতুন টেলিস্কোপটির তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, বিশাল রঙিন গ্যাস ও ধূলিকণার মেঘ ঘুরে বেড়াচ্ছে তারা তৈরির অঞ্চলে।
এ জায়গাটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৯ হাজার আলোকবর্ষ দূরে।চিলিতে ,ভেরা সি. রুবিন অবজারভেটরি নামের নতুন মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডিজিটাল ক্যামেরা বসিয়েছেন বিজ্ঞানীরা। এ টেলিস্কোপের ক্যামেরা এর চোখ দিয়ে এমন সব জিনিস দেখবে, যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা একেবারে বদলে দিতে পারে।আমাদের সৌরজগতের মধ্যে যদি কোনো নবম গ্রহ বা নতুন গ্রহ থেকে থাকে তবে বিজ্ঞানীরা বলছেন, এ টেলিস্কোপ এতটাই শক্তিশালী যে, প্রথম বছরেই সেটা খুঁজে বের করতে পারবে।বিজ্ঞানীরা বলছেন, টেলিস্কোপটি এমন বিপজ্জনক গ্রহাণুও শনাক্ত করবে, যেগুলো পৃথিবীকে ধাক্কা দেওয়া বা এর ওপর আছড়ে পড়ার মতো দূরত্বে আছে।
মিল্কি ওয়ে ছায়াপথের মানচিত্রও তৈরি করতে পারবে এটি। পাশাপাশি মহাবিশ্বের বেশিরভাগ অংশজুড়ে থাকা রহস্যময় বস্তু, বিশেষ করে ডার্ক ম্যাটার সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সাহায্য করবে এই টেলিস্কোপ।জানা যাচ্ছে,আগামী ১০ বছর ধরে দক্ষিণ গোলার্ধের রাতের আকাশের ছবি ক্রমাগত তুলবে এটি, যা জ্যোতির্বিজ্ঞানের জন্য এক অসাধারণ ও বিরল সুযোগ।







