
মন্দির উদ্বোধনের পর এবারই প্রথম জগন্নাথদেবের রথের চাকা গড়াবে সৈকতনগরী দিঘাতে। তারই সূচনায় রথযাত্রার ২ দিন আগেই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যাত্রাপথে সেরেছেন জনসংযোগও। দিঘা যাওয়ার পথে রাস্তার দু’ধারে উপস্থিত কর্মী সমর্থক, সাধারণ মানুষের ভিড় দেখে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। এরপর হাঁটতে হাঁটতে এগিয়ে যান রাস্তার দু’ধারে দাঁড়ানো মানুষের কাছে। অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি হাত মেলান বৃদ্ধ-বৃদ্ধা থেকে কচিকাঁচাদের সঙ্গে। এর আগে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সামনে গাড়ি দাঁড় করিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন। জনসংযোগের মাঝে মারিশদা থানাতেও সারপ্রাইজ ভিজিট করেন। কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।২৭ জুন শুক্রবার রথযাত্রা। রথের যাত্রাপথে সোনার ঝাড়ু দিয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই প্রস্তুতি শেষপর্যায়ে। রথের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। প্রশাসনের তরফে অনুমান এবছর প্রায় দুই থেকে আড়াই লাখ ভক্ত রথযাত্রায় দিঘায় উপস্থিত হতে পারেন। মহাকুম্ভ কিংবা বেঙ্গালুরুর মত যাতে ঘটনা না ঘটে সেজন্য পুলিশ, প্রশাসন, দমকলকে সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সেজন্য সিসিক্যামেরা, ওয়াচটাওয়ার, পুলিশি টহল সবই চলবে। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অরূপ বিশ্বাস, সুজিত বসু সহ ৫ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
