
ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির বর্ণময় জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকের উত্তেজনা তুঙ্গে।মহারাজ-এর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়েও বিস্তর আলোচনার শেষে ছিল না। অবশেষে জানা গেছে, সৌরভের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে।
এই অভিনেতাকে ভীষণ পছন্দ সৌরভের।গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে খুশি অভিনেতাও। তবে পর্দায় মহারাজ-এর চরিত্র ফুটিয়ে তুলতে খানিক নার্ভাস রাজকুমার।সম্প্রতি সৌরভের চরিত্রে অভিনয়ের বিষয়টি কনফার্ম করেছেন অভিনেতা।রাজকুমার বলেছেন, তিনি আসলে সত্যিই খুব নার্ভাস। এটা একটা গুরুদায়িত্ব বলা চলে। তবে হ্যাঁ, তিনি কাজটার ব্যাপারে খুবই আশাবাদী। সবাই এই বায়োপিক দেখার জন্য মুখিয়ে।এত বড় মাপের একজন মানুষের চরিত্রের জন্য তাঁকে ভাবা হয়েছে যে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে।জানা গেছে, সৌরভের চরিত্রের জন্য বাংলা ভাষা শেখার প্রতি জোর দিয়েছেন। স্ত্রী পত্রলেখার কাছ থেকে বেশ কিছুদিন ধরেই বাংলা উচ্চারণ রপ্ত করার চেষ্টা করেছেন তিনি।একইসঙ্গে সৌরভের ক্রিকেট জীবন থেকে শুরু করে নানা বিষয়ে পড়াশোনাও করছেন অভিনেতা। মহারাজ’কে পর্দায় ফুটিয়ে তুলতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সহ বেশ কিছু বিষয়েও প্রশিক্ষণ নিতে হবে তাকে।সব মিলিয়ে খানিক দুশ্চিন্তায় রাজকুমার।সৌরভের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য যে প্রস্তুতির প্রয়োজন, সে কথা খুব ভালোভাবেই বুঝতে পারছেন অভিনেতা।
তবে গোটা জার্নিটা ভীষণভাবে উপভোগ করবেন বলেও আশাবাদী রাজকুমার রাও। মুক্তির তারিখ ঠিক না হলেও সৌরভ ও রাজকুমার দুই তারকার ফ্যান ফলোয়াররাই মুখিয়ে সিনেমাটি দেখার জন্য।এটি পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানি। প্রযোজনা করছেন লাভ রঞ্জন।








