
আইসিডিএসে পড়াশোনার চলার সময় টালির চাল ভেঙে পড়ে ৭ জন শিশু আহত হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। জানা গিয়েছে জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুনগ্রাম পাঠানপাড়া ৭৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে বৃহস্পতিবার সকালে বাচ্চাদের পড়ানো হচ্ছিল।
আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টিনের চাল। শিশুদের চিৎকারে স্থানীয়রাই টালির চাল সরিয়ে গুরুতর জখম অবস্থায় ৭ শিশুকে উদ্ধার করে। এরপর তাদের লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যালে পাঠানো হয়। বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন শিশুদের ওই কেন্দ্রে ক্লাস করানো হচ্ছিল তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।








