
উত্তর গোলার্ধে গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দাবদাহে ঘেমে একাকার ইউরোপের মানুষ। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা এই মহাদেশের তাপমাত্রা ক্রমেই রেকর্ড ছাড়িয়ে লাল সংকেতে পৌঁছচ্ছে। ইতালির রাজধানী রোমে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এতে হাজার হাজার পর্যটক ও ক্যাথলিক তীর্থযাত্রীদের একটু স্বস্তির খোঁজে নগরীর আড়াই হাজারের বেশি উন্মুক্ত ঝর্ণার কাছে ভিড় জমাতে দেখা গেছে। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করায় কর্তৃপক্ষ নগরবাসীদের জন্য পাবলিক সুইমিং পুল বিনা মূল্যে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।
এ ছাড়া পর্তুগালের দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে রবিবার চরম দাবদাহ ও বনাঞ্চলে অগ্নিকাণ্ডের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী লিসবনে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
