
পল পগবার বয়স পেরিয়ে গেছে ৩২। নিষেধাজ্ঞার পর মাঠে ফিরে নিজেকে আদৌ কতটা ফিরে পাবেন, সেই সংশয় আছে।তবু স্বপ্ন বুকে পুষে রেখেছেন পল পগবা।ক্লাব ফুটবলে ফেরার পথ ধরে তিনি ফিরতে চান জাতীয় দলেও।তবে বাস্তবতাও ভালো করেই জানেন মিডফিল্ডার। তাই নিজেই বলেছেন,ফ্রান্সের হয়ে ফেরার পথে এখনও প্রাথমিক পর্যায়ে আছেন তিনি।
ফরাসি ক্লাব মোনাকোর সঙ্গে সম্প্রতি দুই বছরের চুক্তি করেছেন পগবা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ক্লাবের হয়েই মাঠে ফিরবেন সামনের সিজনে।ডোপিংয়ের দায়ে তাকে নিষিদ্ধ করা হয়েছিল চার বছরের জন্য।তবে পরে তা কমিয়ে আনা হয় দেড় বছরে।সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এখন ফুটবল ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় তিনি।ক্লাব ফুটবলে ফেরার পর তার ভাবনার সীমানায় আছে জাতীয় দলও। ফ্রান্স দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি একসময়।
উল্লেখ্য পল পগবা ৯১টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। বড় মঞ্চে দুর্দান্ত পারফর্মও করেছেন। ২০১৪ বিশ্বকাপে তিনি স্বীকৃতি পেয়েছিলেন আসরের সেরা তরুণ ফুটবলারের। ২০১৮ বিশ্বকাপে দলের ট্রফি জয়ে তার ছিল বড় অবদান।গত বিশ্বকাপে খেলতে পারেননি চোটের কারণে। দেশের হয়ে শেষ খেলেছেন সেই ২০২২ সালে। এখন পল পগবা জাতীয় দল থেকে অনেক দূরে।




