
অনুমতি না নিয়ে কারখানার বর্ধিত অংশ তৈরি করার অভিযোগে আবারও একটি বেসরকারি কারখানায় অভিযান চালিয়েছে আসানসোল পুরনিগম।
পাশাপাশি ওই সমস্ত অংশ ভাঙতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আসানসোল পুরসভার অন্তর্গত জামুরিয়া, রানিগঞ্জ শিল্পতালুকে কয়েকটি কারখানাকে নোটিশ পাঠিয়েছিল আসানসোল পুরসভা। প্ল্যান বহির্ভূত কন্সট্রাকশন ভেঙে ফেলা অথবা ফাইন দেয়ার কথা বলা হয়েছিল সেই নোটিশে। বৃহস্পতিবারের পর শুক্রবারেও জামুরিয়া শিল্পতালুকে একটি বেসরকারি কারখানায় জেসিবি মেশিন ও জামুরিয়া পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে পৌঁছয় আসানসোল পুরসভার আধিকারিকরা। কারখানার গেটের সামনে গেলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুর আধিকারিকদের বাকবিতণ্ডা শুরু হয়। অবশেষে কারখানার ভেতরে জেসিবি মেশিন নিয়ে প্রবেশ করে আসানসোল পুরসভার আধিকারিকরা। আসানসোল পুরসভার আইনি পরামর্শদাতা রবিউল ইসলাম বলেছেন, পুরসভা চায় এলাকায় শিল্প হোক, স্থানীয় যুবকদের কর্মসংস্থান হোক। সেটা সরকারি নিয়ম মেনে। কোথাও আইন বহির্ভূত কিছু হলে পুরসভা পদক্ষেপ করবে। গোটা ঘটনাকে আই ওয়াশ বলে কটাক্ষ করেছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
তার অভিযোগ যেখানে এক কোটি টাকা ফাইন করা হয়েছে। সেখানে কুড়ি লক্ষ টাকা নিয়ে কিভাবে চলে এলো পুরসভায়।







