
পরনে সাদা টি-শার্ট, সাদা প্যান্ট। কাদামাখা পায়ে সেটি আবার হাঁটু পর্যন্ত গোটানো। হাতে একটা ছড়ি। দু’টি বলদ দিয়ে ধানখেত জুতছেন। এ ভাবেই একবারে অন্যরূপে ধরা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেই ছবি দিয়ে নিজের এক্স হ্যান্ডলে ধামী লিখেছেন, পুরনো দিনের কথা ভুলতে পারেননি।
সেই সময় খাতিমায় নগর তরাইয়ে আমাদের জমিতে ধান পোঁতার কাজ করছেন। এই কাজ করতে কত পরিশ্রম করতে হয়, তার অভিজ্ঞতাও আছে। তিনি আরও লিখেছেন, কৃষকেরা শুধু ভারতের অর্থনীতির শিরদাঁড়া নয়, তাঁরা ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের বাহকও বটে। কৃষিকাজে যে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম রয়েছে, তা এক জন কৃষককে না দেখলে বোঝা যায় না।
বর্তমানে চম্বাবতের বিধায়ক ধামী খাতিমা থেকেও দু’বার প্রতিনিধিত্ব করেছেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় খাতিমাতে চলে এসেছিল তাঁর পরিবার। সেই খাতিমাতেই পৌঁছে গিয়েছিলেন শুক্রবার। শনিবার সকালে গ্রামের খেতে হাল দেন। কৃষকদের সঙ্গে ধানচারাও পোঁতেন। তার পর পূজাপাঠও করেছেন পুষ্কর সিং ধামী।






