
ঝাড়খণ্ডের রামগড়ে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের পরিতক্ত খোলামুখ খনিতে দেওয়াল চাপা পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, খনির ভিতরে আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে উদ্ধারকাজ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে বেশ কয়েকজন মিলে সিসিএলের পরিতক্ত খোলামুখ খনি থেকে অবৈধভাবে কয়লা তুলছিল।
সেই সময়ই হঠাৎ ভেঙে পড়ে একটি দেওয়াল। সেখানেই চাপা পড়ে যান বেশ কয়েকজন। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বেশ কয়েকজনের আটকে থাকার খবর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার কথা স্বীকার করে রামগড়ের ডেপুটি কমিশনার ফয়েজ আক আহমেদ মুমতাজ জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে একটি অস্থায়ী ক্যাম্পও করা হয়েছে।
সিসিএলের আধিকারিকরা উদ্ধারকাজ চালাচ্ছেন। মহকুমা পুলিশ আধিকারিক পরমেশ্বর প্রসাদের কথায়, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের মৃতদেহ গ্রামবাসীরা উদ্ধার করে নিয়ে গিয়েছেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। রামগড়ের পুলিশ সুপার অজয় কুমার সিং বলেছেন, একটি পরিত্যক্ত কয়লা খনিতে এমন ঘটনা ঘটেছে। ঘটনা কীভাবে ঘটল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে।









