কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে কোর্টে মহুয়া

0
166
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বিহারে ভোটার তালিকা সংশোধনের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে, তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে ওই নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অনুরূপ নির্দেশ যাতে বাংলা বা অন্য কোনও রাজ্যের ক্ষেত্রে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন।

উল্লেখ্য এর আগে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। মামলা করেছে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস।এ ছাড়া, বিহারে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি আলাদা করে মামলার তোড়জোড় করছে। উল্লেখ্য ২৪ জুন নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করা হবে।যাঁদের নাম ওই তালিকায় আছে, তাঁদেরও নির্দিষ্ট নথি দেখাতে হবে। আধার কার্ড বা রেশন কার্ডের মতো সহজলভ্য নথি এ ক্ষেত্রে গণ্য হবে না। দেখাতে হবে জন্মের শংসাপত্র।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে এই নির্দেশের সমালোচনা শুরু হয়েছে বিরোধী মহলে। অভিযোগ, এ ভাবে ভোটার তালিকা সংশোধন করা হলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন, যা গণতন্ত্রের বিরোধী। মহুয়া তাঁর আবেদনে লিখেছেন,এই নির্দেশ যদি বাতিল না করা হয়, এর ফলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন। এটা গণতন্ত্রের অসম্মান এবং দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাঁটা।