বিতর্কের মধ্যে বিহারে নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি

0
175
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বিতর্কের মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, এখনই নথি দিতে হবে না। যে ফর্ম দেওয়া হয়েছে, আগে সেটি পূরণ করে জমা দিতে হবে। নথি লাগবে, তবে তা পরে দিলেও চলবে। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে রবিবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রশাসনিক আধিকারিকেরাও তা নিশ্চিত করেছেন। মনে করা হচ্ছে, বিতর্কের মাঝে আগের অবস্থান থেকে খানিক সরে এসেছে কমিশন।রবিবার বিহারের একাধিক সংবাদপত্রে সিইও দফতরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, ফর্মগুলি ভরে নথি এবং ছবি-সহ যত দ্রুত সম্ভব বুথ লেভেল অফিসারদের কাছে জমা দিন। যদি প্রয়োজনীয় নথি আপনাদের কাছে না থাকে, ফর্ম ভরে সই করে সেগুলি জমা দিন।

নতুন করে এ বিষয়ে কোনও নির্দেশিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে মনে করা হচ্ছে, সাধারণের আতঙ্ক কাটাতেই বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের এই পদক্ষেপ। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৬ জুলাই, আর দু’সপ্তাহ দূরে।জেলাশাসকদেরও সিইও দফতর থেকে আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে।