
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সঙ্গে বৈঠকের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, গাজায় যুদ্ধবিরতি ও পণবন্দী মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে এ সপ্তাহেই চুক্তি হতে পারে। এদিকে নেতানিয়াহুর ভ্রমণের খবর জানতেই আমেরিকায় প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করছেন প্যালেস্টাইনপন্থী আন্দোলনকারীরা।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইন গঠনের দাবি সম্বলিত পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্থানীয় সময় রবিবার থেকেই হোয়াইট হাউসের সামনে জড়ো হচ্ছিলেন আন্দোলনকারীরা।অনেকের হাতে নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড দেখা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুতুলও এনেছেন অনেকে। অন্যদিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার শুরু হয়েছে। আলোচনার লক্ষ্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও পণবন্দীদের মুক্তির বিষয়ে সমঝোতা করা। এর মধ্যে নেতানিয়াহুর সফর প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, একটি চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেছেন, ইতিমধ্যেই অনেক পণবন্দীকে মুক্ত করেছেন।
যারা এখনো গাজায় আটক রয়েছে, তাদের মধ্যে অনেককে শিগগিরই মুক্ত করা হবে।এদিকে ওয়াশিংটনে রওনা হওয়ার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক নিশ্চিতভাবেই চুক্তিকে এগিয়ে নিতে সাহায্য করবে।এর আগে তিনি অভিযোগ করেন, কাতার ও মিসরের মধ্যস্থতায় আমেরিকা সমর্থিত যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে হামাসের কিছু অগ্রহণযোগ্য দাবি অন্তর্ভুক্ত ছিল।





