
পেরুতে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন একটি প্রাচীন শহর,যার বয়স প্রায় ৩ হাজার ৫০০ বছর। সদ্য আবিষ্কৃত শহরটির নাম পেনিকো।শহরটি সম্ভবত প্যাসিফিক উপকূল, আন্দিজ পর্বতমালা ও আমাজন বনাঞ্চলের প্রাচীন সমাজগুলোর মধ্যে বাণিজ্যিক সংযোগস্থল হিসেবে ব্যবহৃত হতো।রাজধানী লিমা থেকে প্রায় ২০০ মাইল উত্তর দিকে, বারাঙ্কা প্রদেশে অবস্থিত এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৯৭০ ফুট উঁচু এক পাহাড়ের ঢালে গড়ে উঠেছে।
গবেষকদের মতে, শহরটি খ্রিস্টপূর্ব ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৫০০ সালের মধ্যে গঠিত হয়েছিল,অর্থাৎ যখন প্রাচীন মিসর, ভারত, সুমের ও চীনে সভ্যতা গড়ে উঠছিল।ড্রোনের মাধ্যমে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, শহরের কেন্দ্রে একটি বৃত্তাকার কাঠামো রয়েছে, যা চারপাশে পাথর ও কাদামাটির তৈরি ভবনের ধ্বংসাবশেষ দিয়ে ঘেরা।এই স্থাপনাগুলোর আকৃতি পেরুর আরেক প্রাচীন শহর কারাল-এর সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। কারালকে আমেরিকার সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচনা করা হয় এবং এটি পেনিকো থেকে মাত্র ১৭ মাইল পশ্চিমে অবস্থিত।
গবেষকদের ধারণা, জলবায়ু পরিবর্তনের ফলে কারাল ধ্বংস হয়ে গেলে তার পরবর্তী উত্তরসূরি হিসেবে পেনিকো গড়ে উঠতে পারে।জানা যাচ্ছে,কারাল সভ্যতা প্রায় ৫ হাজার বছর আগে উদ্ভূত হয় এবং এটি মিসর, ভারত ও সুমেরের প্রাচীন সভ্যতাগুলোর সমসাময়িক হলেও সম্পূর্ণভাবে একাকী বিকশিত হয়েছিল বলে গবেষকরা মনে করেন।








