
দর্শক সারিতে রজার ফেদেরার থাকলেই কী যেন হয়ে যেত নোভাক জোকোভিচের। জিততে পারতেন না কোনো ম্যাচ। এবারও জেগেছিল সেই আশঙ্কা। তবে ঘুরে দাঁড়িয়ে অবশেষে সেই ধারা ভাঙতে পারলেন সার্বিয়ান তারকা। অ্যালেক্স ডি মিনোরকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার-ফাইনালে উঠলেন তিনি।
সেন্টার কোর্টে শুরুটা ভীষণ বাজে হয় জোকোভিচের। আধ ঘণ্টার মধ্যে হেরে যান প্রথম সেট। সেই ধাক্কা সামলে পরপর দুই সেট জিতে নেন তিনি।চতুর্থ সেটে জোকোভিচ আবার পিছিয়ে পড়েন ৪-১ গেমে।রয়্যাল বক্সে ছিলেন ফেদেরার, উইম্বলডনে মেন্স সিঙ্গলসের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন। তার রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলা জোকোভিচ এরপর দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নেন।তিন ঘণ্টা ১৮ মিনিটে অস্ট্রেলিয়ান ১১তম বাছাইকে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। কিংবদন্তি ফেদেরারের সামনে অবশেষে জিততে পারার উচ্ছ্বাস ম্যাচ শেষে জোকোভিচের কণ্ঠে ধরা দিয়েছে আর তার চোখে-মুখেও ছিল সেই প্রতিফলন।
উইম্বলডনে ফেদেরারের সর্বোচ্চ ট্রফি জয়কে ছোঁয়ার পাশাপাশি আরেকটি রেকর্ড গড়ার দিকেও ছুটছেন জোকোভিচ। সামনের তিনটি ম্যচ জিতলেই গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে ,পুরুষ ও মহিলা মিলিয়ে, সর্বোচ্চ ২৫টি ট্রফি হবে ৩৮ বছর বয়সী তারকার। বর্তমানে তার সঙ্গে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটির মালিক কিংবদন্তি মার্গারেট কোর্ট।








