মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার শুরু

0
164
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় আগামী ৩ অগাস্ট থেকে শুনানি শুরু হবে। বৃহস্পতিবার ওই মামলায় শেখ হাসিনা সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি দুই অভিযুক্ত হলেন প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরি আবদুল্লাহ আল মামুন।

শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে খুন, খুনের নির্দেশ প্রদান, গুম, গুম খুন, অপহরণের মানবতা বিরোধী অপরাধের ধারায় বৃহস্পতিবার চার্জ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে চার্জ গঠনকে ছাপিয়ে চর্চায় এসেছে তৃতীয় অভিযুক্ত সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের সিদ্ধান্ত। তিনি বর্তমানে কারাবন্দি। বৃহস্পতিবার তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালের এক নম্বর আদালতে চলছে শেখ হাসিনার মামলা।

ওই আদালতের বিচারপতি তথা ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তূজা মজুমদারের বেঞ্চের কাছে আবদুল্লাহ আল মামুন বলেছেন, তিনি আইজিপি থাকার সময় পুলিশ অনেক মানবতা বিরোধী অপরাধ করেছে। ট্রাইব্যুনালের কাছে তিনি সব কথা খুলে বলতে চান। এরপরই তাঁর আইনজীবী ট্রাইব্যুনালের বিচারপতির কাছে আবদুল্লাহ আল মামুনের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানান। ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই ব্যাপারে কোনও রায় না দিলেও আদালত থেকে কারাগারে ফেরানোর সময় মামুনকে অতিরিক্ত নিরাপত্তা দেয় পুলিশ।