
মাথায় মদের গ্লাস নিয়ে কলেজ ফেস্টে মহিলার সঙ্গে চটুল নাচে তৃণমূল কাউন্সিলের ছেলে। বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। রানা বিশ্বাস নামে ওই টিএমসিপি নেতার মা কামারহাটি পুরসভার কাউন্সিলর।
ওই কলেজের গভর্নিং বডির সদস্য কামারহাটির পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। ভিডিওয় দেখা গিয়েছে জনপ্রিয় হিন্দি গান জামাল কুদ্দুর তালে বেলি ড্যান্সারের সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস। বিরোধীদের অভিযোগ তৃণমূল ছাত্রনেতা বছর দশেক আগে কলেজে ছেড়েছেন। তারপরেও ওই কলেজে দাপট চলে রানার। এদিকে কাকদ্বীপের সুন্দরবন কলেজে ইউনিয়ন রুম যেন মাসাজ পার্লার। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ইউনিয়ন রুমে রীতিমত বিছানা বালিশ পেতে মাসাজ চলছে। ভিডিওয় যে দুজনকে দেখা গিয়েছে তারা বর্তমানে কেউই কলেজের ছাত্র নয়।
দুই ছাত্রের একজন কুণাল মিস্ত্রি কলেজের প্রাক্তন ছাত্র হলেও দেবজ্যোতি পাল কোনওদিন কলেজের গুন্ডিই পেরোয়নি। বিষয়টি নিয়ে চর্চা শুরু হতে অভিযুক্ত দেবজ্যোতি পাল জানিয়েছে খেলার সময় চোট পাওয়ায় মাসাজ করাচ্ছিলেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ।







