
বন্ধুর জন্মদিনের পার্টিতে ইংরেজবাজারে তৃণমূল নেতাকে ঘরের মধ্যে ঢুকিয়ে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। মৃত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ।
তাঁর বিরুদ্ধে জোর করে জমি দখল, জাল সার্টিফিকেট বানানো, জাল দলিল বানিয়ে জমি দখল করার মত অভিযোগও রয়েছে। সম্প্রতি এক জীবিত ব্যক্তি ও তাঁর ছেলেকে মৃত দেখিয়ে ৭ বিঘের বেশি জমি-বাগান হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উঠেছে। খুনের অভিযোগে আটক করা হয়েছে আরেক তৃণমূল নেতা মইনুল শেখকে। মইনুল শেখ এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা বলেই পরিচিত। একসময় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পরে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে তৃণমলের টিকিট না পেয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের হয়ে ভোটে লড়ে জয়ী হন। পরে ফের তৃণমূলে ফিরে যান। তৃণমূলের জেলা সভাপতি সহ জেলার তাবড় নেতাদের সঙ্গে সখ্যতা রয়েছে মইনুলের। তিনিও এলাকায় জমি মাফিয়া হিসেবে পরিচিত।
অভিযোগ ১ বিঘা জমি নিয়ে এবং টাকা ভাগ নিয়ে বিবাদ ছিল। আজাদ এবং মইনুল একসঙ্গেই জমির ব্যবসা করতেন। সেই বিবাদের জেরেই খুন কিনা তদন্ত করে দেখছে পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি।




