
ভারতের ঘরোয়া ফুটবলে এত দিন যা নিয়ে জল্পনা চলছিল, সেটাই সত্যি হয়েছে। আপাতত আইএসএল মুলতুবি রেখেছে আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড,এফএসডিএল। শুক্রবার সব ক্লাবকে চিঠি পাঠিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে।
জানিয়ে দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন,এআইএফএফ-কেও। ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে এফএসডিএল জানিয়েছে, তাদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মাস্টার্স রাইটস্ এগ্রিমেন্ট,এমআরএ আগামী ৮ ডিসেম্বর শেষ হচ্ছে।অর্থাৎ সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে। নতুন করে চুক্তি সই নিয়ে বেশ কয়েক মাস আগে আলোচনা শুরু হলেও কোনও সমাধানসূত্র মেলেনি।বর্তমান পরিস্থিতিতে যে হেতু ডিসেম্বরের পর আর চুক্তি থাকছে না, তাই ২০২৫-২৬ মরসুমের আইএসএলের পরিকল্পনা,আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে এফএসডিএল অপারগ।একইসঙ্গে,এফএসডিএল জানিয়েছে, অনেক ভাবনাচিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবগুলির সঙ্গে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং তারা যাতে নিজের মতো করে পরিকল্পনা করতে পারে, তাই চিঠি দিয়ে সকলকে পরিস্থিতির কথা জানিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য,২০১০ সালে ১৫ বছরের জন্য এআইএফএফের সঙ্গে চুক্তি সই হয় এফএসডিএলের।প্রতি বছর এর মাধ্যমে ৫০ কোটি টাকা পায় ফেডারেশন। তাদের প্রতি দিনের খরচ চালানো এবং বিভিন্ন লিগ আয়োজন করার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ।
