
জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহের মধ্যেই সোমবার বনধ ঘিরে নতুন করে অশান্তি ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে।
বনধকে সমর্থন জানিয়েছে বিজেপি। সকালে বাঁশগোড়া এলাকায় কর্মীরা পথ অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বনধ চলাকালীন কিছু গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশের আসার পর উত্তেজনা আরও বাড়ে। বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল বচসা হয় এবং পরে তা ধস্তাধস্তিতে গড়ায়। খেজুরি-হেঁড়িয়া রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময়। ফলে সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খেজুরির হেঁড়িয়া, বাঁশগোড়া, কলাগেছিয়া-সহ কয়েকটি জায়গায় সাময়িক উত্তেজনা ও অশান্তি ছড়ানোর খবর পাওয়া গিয়েছে। হামলা চালানো হয়েছে বনধ-ভাঙা যানবাহনগুলির উপর। দেখা গিয়েছে, হাতাহাতি পরিস্থিতি। বন্ধ রসুলপুর নদীর ফেরি পরিষেবা। এমনকি, বনধ সমর্থনের অভিযোগে ইতিমধ্য়েই ৮ বিজেপি সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে খেজুরিতে এখন বিরাট চাপানউতোর। এবার সেই উত্তেজনা-বনধ-অশান্তির আবহে পূর্বনির্ধারিত কর্মসূচি মোতাবেক মিছিল শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মিছিল থেকে শুভেন্দু বলেছেন, ঘরে বসে রাজনীতি হয় না। রাজনীতি রাস্তায় করতে হয়। তিনি এই ভাবেই ২০১১ সালে পরিবর্তন করেছিলেন। এখানে বিজেপির পক্ষে ৪৬ শতাংশ ভোট এককাট্টা করেছেন।
মিছিল শেষে আবার একটি সভা করেন শুভেন্দু। সেখানে বনধের সমর্থনে বিজেপি কর্মীদের সাধুবাদ দেওয়ার পাশাপাশি ওই দুই ব্যক্তির মৃত্যুকে ফের একবার ইঙ্গিতে খুনের ঘটনাই বলে দাবি করেন তিনি।
