
দু’মাসের মধ্যে তৃতীয় বার বন্যার কবলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। গত কয়েক দিনে টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলযন্ত্রণার সৃষ্টি হয়েছে।
এই দফায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট তিন জনের। স্কুলে যাওয়ার আগে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ঘাটাল ব্লকের দেওয়ানচক-১ গ্রাম পঞ্চায়েতের কিশমত কোতুলপুর গ্রামের ৬ বছরের মেয়ে সুলতানা খাতুনের। মৃত্যু হয়েছে ঘাটাল ব্লকের অজবনগর-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৪০ বছরের নিমাই ডগরা ওরফে শিবার। দাসপুর থানার রাজনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ঝড়ু জানা বাজারে যাওয়ার পথে বন্যার জলে তলিয়ে যান। এর আগে জুন মাসের শেষে ঘাটালে বন্যায় প্রাণ হারিয়েছেন দু’জন।স্থানীয় সূত্রে খবর, গত রবিবার বিকেল থেকে নদীর জলস্তর নতুন করে বাড়েনি। তবে ঘাটাল পুরএলাকা-সহ ঘাটাল ব্লকের সবক’টি গ্রামপঞ্চায়েত এলাকা এবং দাসপুরের বেশ কিছু এলাকায় জমা জলের উচ্চতা বাড়ছে। তার উপর মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। ফলে আবার বন্যা পরিস্থিতির মোকাবিলায় নেমেছে ঘাটাল মহকুমা প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দুপুরের খাবার এবং ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন মহকুমাশাসক সুমন বিশ্বাস নিজেই।
তাঁর সঙ্গে দেখা যাচ্ছে ঘাটাল ব্লকের বিডিও থেকে ব্লক প্রশাসনের আধিকারিকদের। ঘাটালের পুরনো কাঁসাই নদীর কলমিজোর, শিলাবতী নদীর বাঁকা, রূপনারায়ণ নদীর বান্দার, রানিচক এবং গোপীগঞ্জ পয়েন্টে প্রতিনিয়ত জলস্তরের পরিসংখ্যান নেওয়া হচ্ছে।
