
‘২৬-র নির্বাচনের আগে দুর্গাপুর থেকে বঙ্গ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে জনসভা সেরে দুপুরে অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রীর বিমান। তারপর সেখান থেকে তাঁর কনভয় পৌঁছবে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। এই যাত্রাপথে কার্যত জনসংযোগ করবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার পুলিশের তরফে তারই নিরাপত্তার ট্রায়াল রান হয়েছে। স্নিফার ডগ, বম্ব স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হয়। দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে পাশাপাশি ২টি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চ থেকে প্রায় সাড়ে ৫ হাজার কোটির উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আসানসোল থেকে কলকাতা, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড গেইল-র পাইপলাইনের শিলান্যাস সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরপর পাশে আরেকটি মঞ্চে জনসভায় যোগ দেবেন। সভা সেরে দিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী। সকালেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়রা অনুষ্ঠানস্থল ঘুরে দেখেছেন। প্রধানমন্ত্রীর সভায় থাকতে পারেন মিঠুন চক্রর্তী। বুধবারই বাঙালি বিদ্বেষ ইস্যুতে কলকাতায় পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঞ্চ থেকে একের পর এক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে কার্যত ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সোমবার ২১-র মঞ্চ থেকে দলীয় নেতা কর্মীদের কার্যত ছাব্বিশের লড়াইয়ের বার্তা দেবেন।
