কড়েয়ায় বেআইনি কলসেন্টারে প্রতারণা, ধৃত ১০

0
193
ছবি সৌজন্যে : নিজস্ব

বেআইনি কলসেন্টার খুলে দিনের পর দিন প্রতারণার অভিযোগে কড়েয়ায় একটি আবাসনে তল্লাশি চালিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  ধৃতরা হল আরবাজ আলি খান, মহম্মদ অয়ন, মহম্মদ জাফর খান, রহমত হোসেন, মহম্মদ সারফরাজ, মহম্মদ শেহনওয়াজ, আসিফ আলি, আরশাদ আলি, মহম্মদ জুবের, শেখ শামির।

পুলিশি অভিযানে ধৃতদের কাছ থেকে ৬টি ল্যাপটপ, ১৮টি মোবাইল, ২টি রাউটার-সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, কড়েয়ায় এক আবাসনে একটি বেআইনি কলসেন্টার চলছে। যার মাধ্যমে দিনের পর দিন ধরে চলছে আর্থিক প্রতারণা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ কড়েয়ার ওই আবাসনে শুরু হয় তল্লাশি অভিযান।

সেখানে গিয়ে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে।  এই ১০ অভিযুক্ত ঠিক কতজনকে প্রতারণা করেছে, কত টাকা হাতিয়ে নিয়েছে তারা, আরও কেউ এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।