সরকারি জমি দখলে ‘বুলডোজার’ হুঁশিয়ারি জেলাশাসকের

0
305
ছবি সৌজন্যে : নিজস্ব

সরকারি জমি জবরদখল হলেই বুলডোজার চলবে। হুঁশিয়ারি দিয়েছেন মালদার জেলাশাসক। সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে মালদা জেলা প্রশাসন।

বুধবার হরিশচন্দ্রপুরে প্রশাসনিক বৈঠক থেকে মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়ার সাফ বার্তা জেসিবি লাগাও, উসকো হঠাও। সরাসরি থানার আইসিকে নির্দেশ দিয়েছেন দখল হওয়া জমি দখলমুক্ত করতেই হবে। নজরদারিও করতে হবে। হরিশচন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকের ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন জেলাশাসক। ছিলেন মহকমাশাসক সৌভিক মুখোপাধ্যায়, হরিশচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, দুই বিডিও, বিধায়ক তাজমুল হোসেন এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। গ্রামীণ এলাকাগুলোকে কতটা উন্নয়নমূলক কাজ হয়েছে পঞ্চায়েতগুলো কীভাবে উন্নয়নমূলক কাজে টাকা ব্যবহার করতে পেরেছে, এখনও কীকী সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

বেশকিছু পঞ্চায়েত টাকা থাকা সত্ত্বেও এখনও সঠিকভাবে উন্নয়নমূলক কাজে খরচ করতে পারেনি। এনিয়ে রীতিমত নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়ে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন জেলাশাসক।