
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। ওই মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ১৬ জুলাই এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসচির অংশ হিসাবে গোপালগঞ্জে সমাবেশের আয়োজন করেছিল। তবে কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা শুরু হয়ে যায়। পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা করা হয়েছে।
স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামি লীগের নেতাকর্মীরা এসব ঘটনায় জড়িত বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। সমাবেশ শেষে ফেরার পথে আবারও হামলার শিকার হন এনসিপি নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর।
