
পহেলগাঁও থেকে শুরু করে আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বিরোধীদের মোকাবিলা করতে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বিজেপির স্ট্র্যাটেজি গ্রুপ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার নেতা পীযুষ গোয়েল-সহ শীর্ষস্তরের বহু নেতা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকে তিন সেনার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও পরামর্শ করেছেন অমিত শাহ জেপি নাড্ডারা। কোন পথে অপারেশন সিঁদুর বা ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে বিরোধী প্রশ্নের জবাব দেওয়া হবে সেসব নিয়েই আলোচনা হয়। অপারেশন সিঁদুর বা পহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি তুলেছিলেন বিরোধীরা। কিন্তু সেই দাবি নাকচ করে দিয়েছে কেন্দ্র সরকার। তাছাড়া আহমেদাবাদ দুর্ঘটনার পরও এটাই প্রথম সংসদ অধিবেশন।
এছাড়াও ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন-এর কাজ নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। বাদল অধিবেশনের শুরু থেকে এই বিষয়গুলি নিয়েই সুর চড়াতে পারে বিরোধীরা। সেটা আন্দাজ করতে পেরেই পালটা প্রস্তুতি শুরু করেছে সরকার।








