
আবারও সিভিকের দাদাগিরিতে হাতের আঙুল কাটল যুবকের। পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে ঘটনায় শোরগোল পড়েছে। যুবকের মোবাইলও কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জিআরপি-র সিভিকের বিরুদ্ধে।
যুবকের অভিযোগ তাঁকে ওয়েটিং রুমে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। সেই সময় কোলাপসিবল গেট আঁকড়ে কোনওক্রমে নিজেকে আটকানোর চেষ্টা করেন ওই যুবক। তখনই কোলাপসিবল গেটে আটকে যায় যুবকের আঙুল। সেই অবস্থাতেই সিভিক ভলান্টিয়ার যুবককে টানা হ্যাঁচড়া করতে থাকে। ভারী জিনিস দিয়ে যুবকের হাতে আঘাত করা হয় বলে অভিযোগ। তাতেই আঙুলের একটা অংশ কেটে যায়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। তাঁর আঙুল জোড়া লাগানোর চেষ্টা করছেন চিকিৎসকররা। ওই যুবকের দাবি ট্রেন ধরতে সমুদ্রগড় স্টেশনে এসেছিলেন।
ট্রেন আসতে দেরি হওয়ায় মোবাইল দেখছিলেন। আচমকাই একজন সিভিক ভলান্টিয়ার তাঁর হাত থেকে ফোন কেড়ে নেয়। এরপর জোর করে ওয়েটিং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বাধা দিতে গিয়ে আঙুল কেটে যায়।
