
ভারত-পাক সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একবার কৃতিত্বের ভাগ নেওয়ায়, এবার প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে বলেছেন, সংসদের বাদল অধিবেশন শুরুর আগে এই নিয়ে ২৪বার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এছাড়াও পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে নতুন দাবি করেছেন প্রেসিডেন্ট। রমেশ-এর আরও সংযোজন, প্রধানমন্ত্রী মোদী, যাঁর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০১৯ সালের সেপ্টেম্বরে হাউডি মোদী এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে নমস্তে ট্রাম্প থেকে শুরু করে বহু বছরের বন্ধুত্ব রয়েছে, তাঁকে এখন নিজেই সংসদে একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট বিবৃতি দিতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প গত ৭০দিন ধরে কী দাবি করে চলেছেন।
