
ওড়িশার পুরীতে দগ্ধ নাবালিকাকে এয়ারলিফ্টের মাধ্যমে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর আরও ভালো চিকিৎসার জন্য রবিবার তাকে এয়ারলিফ্ট করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাঁর শরীরের ৭৫ শতাংশই পুড়ে গিয়েছে। শনিবার সকালে পুরী জেলার বায়াবার গ্রামের বড়ঙ্গা এলাকায় কয়েকজন দুষ্কৃতী নাবালিকার গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। ঘটনাটি ঘটে ভার্গবি নদীর ধারে। ভবনশ্বর এইমসে সে অক্সিজেন সাপোর্টে ছিল। এইমস-এর বার্ন সেন্টার ডিপার্টমেন্টের প্রধান সঞ্জয় গিরি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শনিবারই জানিয়েছিলেন, নাবালিকাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হবে। চিকিৎসকরা সায় দিলে তবেই সেটা সম্ভব বলে জানিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, নাবালিকার গায়ে আগুন ধরে যাওয়ার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
স্থানীয়রা মেয়েটির চিৎকার শুনে ছুটে আসে এবং গায়ের আগুন কোনওমতে নিভিয়ে তাকে প্রথমে পিপিলি সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ভুবনেশ্বর এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।








