ম্যান ইউনাইটেডে যোগ দিয়ে উচ্ছ্বসিত এমবুমো

0
207
ছবি সৌজন্যে : এক্স

ছেলেবেলায় ফুটবল খেলার দিনগুলিতে ব্রায়ান এমবুমো গায়ে চাপাতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি।ঠিকভাবে বুঝতে শেখার আগে থেকেই এই ক্লাবকে তিনি ধারণ করেছেন হৃদয়ে। ক্যারিয়ার ও জীবনের নাটকীয় পথচলায় এখন তিনি সে ক্লাবেরই ফুটবলার। স্বপ্নের ক্লাবে নাম লেখানোর পর ২৫ বছর বয়সী উইঙ্গারের উচ্ছ্বাসও তাই আকাশছোঁয়া।

গত কিছুদিনে নানা খবরে ব্যাপারটি নিশ্চিত হয়েই গিয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো,ব্রেন্টফোর্ড ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেন এমবুমো।ব্রেন্টফোর্ডে ছ’ বছর ছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডেও থাকতে পারেন অন্তত ছ’ বছর। চুক্তি যদিও মূলত পাঁচ বছরের, তবে সুযোগ থাকছে এক বছর বাড়ানোর।ট্রান্সফার ফির অঙ্ক নিয়ে এতদিন যে আলোচনা ছিল, সেটিই সত্যি হয়েছে। তাকে পেতে সাড়ে ছ’ কোটি পাউন্ড অর্থাৎ ৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার মূল অঙ্কের পাশাপাশি বিভিন্ন সংযুক্তি মিলিয়ে আরও ৬০ লাখ পাউন্ডের মতো খরচ করতে হবে ইউনাইটেডকে।উল্লেখ্য ক্যামেরুনের বাবা ও ফরাসি মায়ের সন্তান এমবুমোর জন্ম ফ্রান্সে। বয়সভিত্তিক ফুটবলে অনূর্ধ্ব-২১ পর্যন্ত খেলেছেন ফ্রান্সের হয়ে। পরে জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন তিনি বাবার দেশকে।ছেলেবেলায় ফ্রান্সের একাডেমি হয়ে ১৪ বছর বয়সে ফরাসি ক্লাব তোয়াহর একাডেমিতে পা রাখেন তিনি।

সেখানেই গড়ে তোলেন নিজেকে। সেই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলের জগতে তার আবির্ভাব।সেখান থেকে ব্রেন্টফোর্ডে আসেন তিনি ২০১৯ সালে ক্লাবটির ট্রান্সফার ফির রেকর্ড গড়ে। গত সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের চমকপ্রদ পথচলায় এমবুমো ছিলেন দারুণ উজ্জ্বল। লিগের চতুর্থ সর্বোচ্চ ২০ গোল করেছিলেন ব্রায়ান এমবুমো।