
২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় বম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এমএম সান্দ্রেশ ও বিচারপতি এন কোটেশ্বর সিং জানিয়েছে তবে বম্বে হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পাওয়া ১২ জনের মুক্তির নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।
বরং শীর্ষ আদালত স্পষ্ট ভাবে জানিয়েছে ওই ১২ জনকে ফের গ্রেফতার করা যাবে না । সোমবার বম্বে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ ২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে বিস্ফোরণের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকে বেকসুর মুক্তি দেয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার।
সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে শীর্ষ কোর্ট। ২০০৬ সালে মুম্বইয়ের লোকাল ট্রেনে বিস্ফোরণে ১৮৯ জনের মৃত্যু হয়। সোমবার বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম সি চন্দকের ডিভিশন বেঞ্চ বলেছেন, আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে প্রসিকিউশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই তাদের সাজা খারিজ করে দেওয়া হয়েছে।
