
আদপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও দম বা, সাহস নেই,ওনাকে বেলুনের মতো ফুলিয়েছে দেশের সংবাদমাধ্যম। শুক্রবার এক অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয় তাঁর আরও দাবি, তিনি একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই প্রেক্ষিতেই তাঁর এমনটা মনে হয়েছে বলে দাবি।
দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ওবিসি সম্প্রদায়ের উদ্দেশে আয়োজিত অনুষ্ঠানে রাহুল গান্ধী প্রশ্ন ছোড়েন, দেশের সবচেয়ে বড় সমস্যা কী? ও প্রান্ত থেকে কেউ একজন বলে ওঠেন, নরেন্দ্র মোদি। এর পালটা রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদি কোনও বড় সমস্যা নয়। সংবাদমাধ্যমের তরফে ওনাকে নিয়ে শুধুমাত্র বেলুন ফোলানো হয়েছে। আমি একাধিকবার ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি। একসঙ্গে বসে কথা বলেছি। রাহুল গান্ধীর যা মনে হয়েছে, নরেন্দ্র মোদির সমস্তটাই লোক দেখানো। প্রধানমন্ত্রীকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তবে মোদির কোনও দম বা সাহস নেই। লোকসভার বিরোধী দলনেতার এহেন মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।যদিও বিজেপির তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।শুধু তাই নয়, এই সভা থেকে দেশের আমলাতন্ত্রের প্রতিনিধিত্বে দেশের প্রান্তিক অনগ্রসরদের বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।
বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই দলিত, অনগ্রসর শ্রেণি, আদিবাসী এবং সংখ্যালঘু। বাজেট পেশের আগে সরকার যখন হালুয়া বিতরণ করছিল সেখানে ওই ৯০ শতাংশের কোনও প্রতিনিধি ছিলেন না।






