
উত্তম ব্রজবাসী, অঞ্জলি শীলের পর এবার নিশিকান্ত দাস। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দার কাছে এবার অসমের এনআরসি-র নোটিস ঘিরে শোরগোল পড়েছে। খবর সামনে আসতে নিশিকান্ত দাসের বাড়ি গিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।
অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিস পাওয়ার পর অসমেও গিয়েছিলেন ওই ব্যক্তি। নথিও দিয়ে এসেছেন। এর আগে দিনহাটার উত্তম ব্রজবাসী, তারপর ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলও অসম সরকারের নোটিস পায়। জানা গিয়েছে ৩০ বছর আগে অসমে গিয়েছিলেন নিশিকান্ত দাস। কর্মসূত্রে সেখানেই ছিলেন। সেই সময় অসম পুলিশ তাঁকে আটক করে। কাগজ দেখানোর পর ছেড়েও দেয়। এরপর এরাজ্যে ফিরে আসেন। গত জানুয়ারি মাসে আচমকাই তাঁর কাছে এসেছে এনআরসি নোটিস নোটিস পাওয়ার পর কাগজপত্র দিয়েও এসেছেন।
কিন্তু তাঁকে বাবার ভোটার লিস্টে থাকা নামের অংশ দেখাতে হবে বলে জানিয়েছে অসম সরকার। ৪৫ বছর আগে বাবার মৃত্যু হয়েছে। তাঁর নথি দেওয়া সহজ ছিল না। সেই নথি খুঁজে পাওয়ায় তাঁর অনুমান হয়ত আর অসুবিধেয় পড়তে হবে না।
