
পশ্চিমবঙ্গের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। বোলপুরের প্রশাসনিক সভা থেকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করে। তাঁদের সবাইকে ফিরিয়ে আনা হোক।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, দরকার নেই দালালদের সাহায্য নিয়ে বাইরে গিয়ে কাজ করার। ওদের উপর অত্যাচার হলে দালালরা থাকে না, পালিয়ে যায়। ওঁরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে, তাহলে তো ভালো। আর তা না থাকলে, রাজ্য সরকার ক্যাম্প বানিয়ে দেবে। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মশ্রী প্রকল্পে ওঁদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। ওঁদের জব কার্ড দিয়ে দেওয়া হবে।
বাইরের রাজ্যে গিয়ে যদি কেউ কাজ করতে না চান, তাহলে রাজ্যে থেকে যাতে তাঁরা কাজের ব্যবস্থা করা যায়, সে বিষয়ে রাজ্য সরকারের তরফে সব ধরনের সাহায্য করা হবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। সেখানে এসব বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।








