
ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জন পুণ্যার্থীর। ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এক্স পোস্টে জানিয়েছেন, এই দুর্ঘটনায় ১৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল।
দেওঘর-বাসুকিনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়়ে যায় বাসের একাংশ।ঝাড়খণ্ড পুলিশের আইজি শৈলেন্দ্রকুমার সিনহা বলেছেন, ৩২ আসনবিশিষ্ট বাসে কেবল পুণ্যার্থীরাই ছিলেন। দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে দুর্ঘটনাটি ঘটে।
কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে পুলিশের তরফে জানানো হয়েছিল, দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পুলিশের তরফে এ-ও জানানো হয় যে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তখনই আশঙ্কা করা হয়েছিল যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
