
বাংলার নবজাগরণের প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের ঐতিহ্য, গর্ব। পশ্চিমবঙ্গ তথা ভারতে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং নারীর অবস্থার উন্নতির জন্য তাঁর লড়াই কখনও ভোলার নয়।
পশ্চিমবঙ্গবাসী আজ যা, তা অনেকটাই তাঁর অবদান – সেই বর্ণপরিচয় থেকে যার শুরু। এরপরই মুখ্যমন্ত্রী লিখেছেন, আজ যখন দেশজুড়ে বিজেপির নেতৃত্বে বাংলা ভাষা ও বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে, তখন এই মহামনীষীর জীবন, শিক্ষা ও দর্শন আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে পড়েছে।
যারা আজ পশ্চিমবঙ্গ ও বাঙালিকে আক্রমণ করছে তারাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে কলকাতায় বিদ্যাসাগর কলেজে তাঁর মূর্তি ভেঙেছিল। তবে, রাজ্য সরকার সেই মূর্তি পুনঃস্থাপন করেছে। তাঁর দ্বিশতবর্ষ সারা বছর ধরে বাংলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করেছে।
