উত্তরাখণ্ডে বিপর্যয়ে ভাগীরথী নদীর গতিপথ বদল!

0
153
ছবি সৌজন্যে : এক্স
উত্তরাখণ্ডে তাণ্ডবনৃত্য দেখানোর পর ফের নতুন রূপে দেখা দিল প্রকৃতি। অতিভারী বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানে রাজ্যের ধারালির হর্ষিল নামের এলাকায় একটি গভীর ঝিলে রূপান্তরিত হয়ে গিয়েছে নদী। নদীর গতিধারার এই হঠাৎ খামখেয়ালিপনায় সেনা শিবিরই শুধু বিপন্ন নয়, গোটা এলাকার পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
হর্ষিলের কাছে এসে ভাগীরথীর গতিমুখ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। প্রচণ্ড ভারী বৃষ্টি ও পাহাড় থেকে ধসে গড়িয়ে পড়া পাথরের চাঁই ও কাদামাটিতে চাপা পড়ে গিয়েছে নদীর ধারাপথ। এই বাধার মুখে পড়ে ঘুরে গিয়েছে ভাগীরথীর মুখ। এই বাধার মুখে পড়ে হর্ষিলে দেখা দিয়েছে প্রায় ৩ কিমি লম্বা একটি জলাধার বা অস্থায়ী ঝিল। যেখানে কয়েকদিন আগেও সেনাদের শিবির ছিল তা আজ ঝিলের তলায়।
পাহাড় থেকে খসে পড়া ধ্বংসস্তূপ প্রাকৃতিক বাঁধের মতো ভাগীরথীর চলার পথ আটকে রেখেছে। এই ঝিলই গিলে খেয়েছে সেনা শিবির, ধারালি-হর্ষিল হাইওয়ে। যার ফলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। সেনা ও ত্রাণ বণ্টনকারী দল প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, তখন এই নতুন উৎপাতে আরও সঙ্কট দেখা দিয়েছে।