
বিহারে হাসপাতালের আইসিইউতে ঢুকে গ্যাংস্টার খুনের মামলায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বিজয়কান্ত পাণ্ডে ওরফে রূদ্র পাণ্ডে এবং রাজেশ যাদব। উভয়েই বিহারের বক্সার জেলার বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে প্রায় ২০০ গ্রাম হেরোইনও পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আততায়ীর মধ্যে অন্যতম বিজয়কান্ত। এই নিয়ে পাটনার হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করা হল। ধৃতদের মধ্যে চার জন হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত। বাকিরা তাঁদের সাহায্য করতেন। তবে এক আততায়ী এখনও পলাতক। ১৭ জুলাই পটনার এক হাসপাতালের আইসিইউতে প্রবেশ করে গুলি করে চন্দন মিশ্রকে হত্যা করে দুষ্কৃতীরা। চন্দন নিজেও দুষ্কৃতী। খুনের মামলায় আসামি। সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ওই ঘটনায় আগেই কলকাতা থেকে চার জনকে গ্রেফতার করে বিহার পুলিশ। হাসপাতালে পুলিশি নজরদারি থাকার পরেও কী ভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন ওঠে। ওই বিতর্কের আবহে পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়।








