
গাজার আল-শিফা হাসপাতালের সামনে সাংবাদিকদের জন্য তৈরি একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হলেন আল জাজিরার পাঁচ সাংবাদিক। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিবেদক আনাস আল-শরিফ এবং তাঁর সহকর্মী মহম্মদ কুরেইকেহ, ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোআমেন আলিওয়া এবং মহম্মদ নুফাল। মোট সাত জনের মৃত্যু হয়েছে ওই হামলায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, রবিবার দুপুরে হাসপাতালের মূল ফটকের বাইরে সাংবাদিকদের জন্য তৈরি করা তাঁবুতে সরাসরি নিশানা করে এই হামলা চালানো হয়। হামলার পরপরই ইসরায়েলি সেনা মুখপাত্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করে, আল-শরিফকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি বাহিনীর অভিযোগ, তিনি আসলে হামাসের একজন সন্ত্রাসী এবং একটি সেয়-এর প্রধান ছিলেন, ইসরায়েলের সাধারণ নাগরিক ও সেনাদের উপর রকেট হামলার পরিকল্পনা করছিলেন। আল-শরিফ এই হামলার ঠিক আগেই এক্স হ্যান্ডেলে গাজা সিটিতে তীব্র ইসরায়েলি বোমাবর্ষণের কথা জানিয়েছিলেন।








