
বর্ষীয়াণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পেটের ক্যানসার, কিডনির সমস্যা, পেসমেকারড- লাগাতার অসুখে জর্জরিত হয়ে গত জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।
কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাসন্তীদেবীর বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। কঠিন রোগ ছাড়াও ছিল বার্ধক্যজনিত সমস্যা। কিন্তু তা সত্ত্বেও রোজ শুটিংয়ে আসতেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক গীতা এলএলবি-তে। সেই সেটেই তিনি বারবার অসুস্থতার কথা বলতেন। এরপর সেই সমস্যা আরও বাড়ায় কাজ থেকে দূরে চলে যেতে হয়েছিল তাঁকে।
অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ টলি পাড়া। তথ্য বলছে, প্রতি মাসে কুড়ি হাজার টাকার ওষুধ খেতেন বাসন্তীদেবী। সঙ্গে আসত মোট ৪৫০০ টাকার ইনজেকশন। বিগত ৬ মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি।
