
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতির বিনিময়ে ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার যেকোনও প্রস্তাব কিয়েভ প্রত্যাখ্যান করবে। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের ছাড় ভবিষ্যতে নতুন করে রুশ হামলার পথ খুলে দিতে পারে।
শুক্রবার আলাস্কায় আমেরিকা ও রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর এই অবস্থান তুলে ধরেছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, সম্ভাব্য শান্তি চুক্তিতে কিছু ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব থাকতে পারে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডনবাসের সেই অংশ ছাড়ার দাবি তুলতে পারেন, যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রাশিয়ার সেনারা অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যে প্রায় ১০ কিলোমিটার অগ্রগতি করেছে বলে দাবি করেছে মস্কো।
জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব এলাকায় হামলায় জড়িতদের কিয়েভ ধ্বংস করে দেবে। তিনি আরো বলেছেন, রাশিয়ার উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এমন বার্তা ছড়ানো যে রাশিয়া এগোচ্ছে, ইউক্রেন হারছে।
