প্রয়াত প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ

0
166
ছবি সৌজন্যে : সংগৃহীত
প্রয়াত হয়েছেন প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন ভেস পেজ। বুধবার থেকে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। সন্ধ্যাতেই চলে আসেন লিয়েন্ডার পেজ। চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। কিন্তু শেষরক্ষা করা যায়নি। বৃহস্পতিবার ভোর ৩টের সময় শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ভেস। হকি দলের হয়ে ব্রোঞ্জ জেতা ছাড়াও স্পোর্টস মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ ছিলেন ভেস পেজ। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ভারত ব্রোঞ্জ জিতেছিল। সেই দলের সদস‍্য ছিলেন ভেস পেজ। তার আগের বছর বার্সেলোনায় হকি বিশ্বকাপেও দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ভেসের মৃত‍্যুর সময় লিয়েন্ডার তাঁর পাশেই ছিলেন। ১৯৪৫-এ গোয়ায় জন্ম হয় ভেসের। একাধিক খেলাধুলোর পাশাপাশি পড়াশোনাতেও ভাল ছিলেন তিনি। ভারতের হকি দলে তিনি মিডফিল্ডার হিসাবে খেলতেন। হকি ছাড়াও ক্রিকেট, ফুটবল এবং রাগবিতে তাঁর পারদর্শিতা ছিল। তিনি ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতি হিসাবে কাজ করেছেন। কলকাতায় মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন ভেস।
খেলাধুলোর প্রতি ভালবাসা থাকায় স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেন। এই বিভাগে বিশ্বজুড়ে তাঁর কাজ প্রশংসিত হয়েছে।