
হস্টেলের ঘরে সিলিং থেকে ঝুলছে বছর চব্বিশের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। পাশে পড়ে একটি সুইসাইড নোট। এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডায়। পুলিশ সূত্রে খবরম মৃত শিবম দে। বিহারের মধুবনীর বাসিন্দা। গ্রেটার নয়ডার একটি কলেজে কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র শিবম।
পড়াশোনার জন্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় থাকতেন। পুলিশ জানিয়েছে, শিবম চিঠিতে দাবি করেছেন, গত দু’বছর ধরে তিনি ক্লাস করেননি। তাঁর পড়ার বাকি টাকা পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে আবেদনও করেন।
শুধু তা-ই নয়, নিজের অঙ্গদানের ইচ্ছাও প্রকাশ করেছেন চিঠিতে। পুলিশ জানিয়েছে, দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কেও উষ্মা প্রকাশ করেছেন শিবম। চিঠিতে সে কথা উল্লেখও করেছেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ।
