চীন তাইওয়ান আক্রমণ করবে না : ট্রাম্প

0
81
ছবি সৌজন্যে : এক্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং তাকে এ কথা বলেছেন বলে দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের।এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেছেন। ইউক্রেনে মস্কোর আগ্রাসন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আগে তিনি এই সাক্ষাৎকার দেন।

 সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেছেন, তিনি বিশ্বাস করেন না যে যতক্ষণ এখানে আছেন ততক্ষণ তাইওয়ান আক্রমণ ঘটবে। দেখা যাক। তিনি আরো বলেছেন, শি চিনপিং তাঁকে বলেছিলেন, তুমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি তাইওয়ান আক্রমণ করব না। আমি উত্তরে বলেছিলাম, আমি এর প্রশংসা করছি।তবে তিনি এটাও বলেছিলেন,আমি খুব ধৈর্যশীল আর চীনও খুব ধৈর্যশীল।উল্লেখ্য,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত জুন মাসে শি চিনপিংয়ের সঙ্গে প্রথম ফোনালাপ হয় প্রেসিডেন্ট ট্রাম্পের। এর আগে, এপ্রিলেও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, শি চিনপিং তাকে ফোন করেছিলেন। যদিও তিনি কখন সে ফোনালাপ হয়েছে, তা স্পষ্ট করেননি।

এদিকে চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। প্রয়োজনে চীন তাইওয়ানের ওপর বলপ্রয়োগ করে পুনরেকত্রীকরণ ঘটানোর অঙ্গীকারও করেছে। তবে তাইওয়ান চীনের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে। অন্যদিকে,ওয়াশিংটনে চীনা দূতাবাস এক বিবৃতিতে তাইওয়ান ইস্যুকে চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইস্যু বলে উল্লেখ করেছে।