
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কেনেডি সেন্টার অনার গ্রহণ করছেন না হলিউড তারকা টম ক্রুজ। ২০২৫ সালের সম্মানপ্রাপ্তদের তালিকায় তার নাম প্রস্তাব করা হলেও, সময়সূচির জটিলতার কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। রিপোর্টে বলা হয়েছে,কেনেডি সেন্টারের কয়েকজন বর্তমান ও প্রাক্তন কর্মী জানিয়েছেন,কেবল সময়সূচি না মেলায় এই সম্মাননা গ্রহণে রাজি হননি টম।
এ বিষয়ে তার মুখপাত্রও কোনো মন্তব্য করেননি।পুরস্কার গ্রহণ না করা নিয়ে টম ক্রুজের মুখপাত্রের সঙ্গে যোগযোগ করলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, এ বছর এই পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিনেতা সিলভেস্টার স্ট্যালন ও কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট।এ ছাড়া তালিকায় আছেন ডিস্কো ডিভা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস ও ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড, যিনি ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ফ্যান্টম অব দ্য অপেরা’র প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন।
কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। অন্যদিকে,এবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই অনুষ্ঠানের সঞ্চালনার ঘোষণা করেছেন। উল্লেখ্য কেনেডি সেন্টার আমেরিকার শীর্ষ পারফর্মিং আর্টস ভেন্যুগুলোর একটি, যা প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিতে নির্মিত। ১৯৭১ সালে চালু হওয়া এই কেন্দ্র বহুদিন ধরে দুই প্রধান রাজনৈতিক দলের সমান সমর্থন পেয়েছে।
