বিস্ফোরণ বন্ধে স্টারশিপের নতুন ডিজাইন

0
110
ছবি সৌজন্যে : এক্স

মঙ্গল গ্রহগামী রকেটের বেশ কয়েকটি ব্যর্থ উৎক্ষেপণের পর স্টারশিপ রকেটের কাঠামো বা ডিজাইনে বড় ধরনের পরিবর্তন এনেছে স্পেসএক্স। সম্প্রতি রকেটটির নতুন ডিজাইন লঞ্চ করেছে মহাকাশ গবেষণা কোম্পানিটি।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স বলেছে, নিজেদের সুপার হেভি বুস্টার রকেটের নিচে থাকা এমন এক গুরুত্বপূর্ণ অংশ, ফিন সরিয়ে দেবে তারা, যেটি রকেটটিকে পৃথিবীতে ফেরত আনতে বা নামার সময় দিক নির্দেশ দিতে সাহায্য করত। জানা যাচ্ছে,আগামী প্রজন্মের এ নতুন ডিজাইনের রকেটে আগের তুলনায় বড় ও মজবুত তিনটি বিশেষ ধরনের গ্রিড ফিন লাগানো হবে,যা রকেটটিকে পৃথিবীতে নামার সময় নিয়ন্ত্রণ করতে আরও ভালোভাবে সাহায্য করবে। এদিকে শেষ মে মাসে মঙ্গল গ্রহগামী রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করেছিল স্পেসএক্স। সেই সময়ে রকেটের বিশাল সুপার হেভি বুস্টারটি লঞ্চপ্যাডে ঠিকভাবে নামতে পারেনি, বরং মেক্সিকো উপসাগরে গিয়ে ভেঙে পড়েছিল।তবে মূল রকেটটি ভারত মহাসাগর পার হতে পারলেও এরপরই বিস্ফোরিত হয়ে যায়।সোশ্যাল মিডিয়া এক্স-এ একাধিক পোস্টে স্পেসএক্স বলেছে, নতুনভাবে তৈরি এসব গ্রিড ফিন আগের চেয়ে ৫০ শতাংশ বড় ও আরও শক্তিশালী।

আগে চারটি ফিন ছিল,এখন রকেটটিকে নিয়ন্ত্রণের জন্য তিনটি ফিন ব্যবহার করা হবে। এতে বুস্টার রকেট আরও বেশি কাত হয়ে নামতে পারবে। স্টারশিপ রকেটটি আবার শিগগিরই উৎক্ষেপিত হতে যাচ্ছে। ফলে টেক্সাসের দক্ষিণে স্পেসএক্সের স্টারবেইস এলাকার আশপাশের মানুষদের সতর্ক করেছে মার্কিন কোস্ট গার্ড।