
কলকাতার বাইপাসের ধারের একটি অভিজাত আবাসনের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ক্যানসার আক্রান্ত এক বৃদ্ধ।
পুলিশ সূত্রে খবর, বাইপাসের ধারে সিলভার স্প্রিং আবাসনের বাসিন্দা ছিলেন বোকার ৭৫-র রাজেন্দ্র কুমার সিঙ্ঘল। লিভারে ক্যানসারের পাশাপাশি তাঁর প্যানক্রিয়াটাইটিস ছিল। চিকিৎসার প্রয়োজনে গত দু’মাস মুম্বইয়ে ছিলেন বৃদ্ধ। ১ অগাস্ট কলকাতায় ফিরেছিলেন। রবিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ প্রগতি ময়দান থানায় ফোন যায়। বৃদ্ধের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। বৃদ্ধের পরনে ছিল সাদা টি-শার্ট এবং বারমুডা। পুলিশ গিয়ে দেখে, রক্তে ভাসছে আবাসন চত্বর। বৃদ্ধকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তাঁর মৃত্যু নিয়ে পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদে বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।





